১৯ দিন পর জামালপুরে যমুনার পানি বিপদসীমার নিচে

পানি কমলেও জলাবদ্ধতা রয়েছে বহু এলাকায় যমুনা নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এখানে গত ১৯ দিন পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। মঙ্গলবার (৩০ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১২ সেন্টিমিটার কমে বিপদসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নবকুমার চৌধুরী এখানকার বন্যা পরিস্থিতি প্রসঙ্গে বলেন, ‘পানি কমলেও বানভাসিদের দুর্ভোগ কমেনি। অনেকের বাড়িঘর পানির প্রবল স্রোতে ভেসে গেছে। যাদের ঘরবাড়ি ভেসে যায়নি, সেগুলো পড়ে রয়েছে বিধ্বস্ত অবস্থায়। বেশির ভাগ ফসলি জমিতে বন্যার পানি আটকে থাকায়, কাজ পাচ্ছে না নিম্ন আয়ের মানুষ। পানি কমার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে নানারকম পানিবাহিত রোগ। বেশির ভাগ স্থানীয় ও আঞ্চলিক সড়ক ভেঙে যাওয়ায় চলাচলেও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।’