মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন-কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামের মতিয়ার রহমানের ছেলে মাসুদ, আনছার আলীর ছেলে পারভেজ, সৈয়দ আলীর ছেলে হরিবর রহমান, সহোদর ফজলুর রহমান ও সরোয়ার হোসেন। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- বিল্লাল হোসেন, মো. মঞ্জু, সোহেল রানা, রমিজ আলী, মতিয়ার রহমান ও কবির হোসেন। এছাড়া ভুট্টো, রকি, এনায়েত ও সালামকে তিন বছর এবং নান্নু ও ফরিদকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তরিকুল, আকরাম, আশরাফ, ইমরান ও ছালামকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৯ ডিসেম্বর বিকালে মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ কর্মী নুরুল ইসলামকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে শাহিনুর রহমান সজিব বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ৫/৬ জনের বিরুদ্ধে মিরপুর থানার হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালের ৩০ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, মামলায় দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। এ অর্থ তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে পরিশোধ করতে বলা হয়েছে। আর কারাদণ্ড প্রাপ্তদের প্রত্যেককে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।