ভিজিএফের ৯ বস্তা চালসহ ইউপি সদস্য আটক

দিনাজপুরদিনাজপুরের কাহারোলে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থদের জন্য বরাদ্দ করা ভিজিএফের ৯ বস্তা চাল উদ্ধার করা হয়েছে এক মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে।  চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে রিনা বেগম নামে ওই ইউপিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ আজ বুধবার বেলা আড়াইটার দিকে রসুলপুর ইউনিয়নের ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য রিনা বেগমের মির্জাপুরের গ্রামের বাড়িতে অভিযান চালান। অভিযানে ভিজিএফের ৯ বস্তা চাল উদ্ধার করা হয় এবং ইউপি সদস্যকে আটক করা হয়।

কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ জানান, ‘দুঃস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৯ বস্তা চাল আত্মসাতের জন্যই ওই ইউপি সদস্য তার বাড়িতে রেখেছিলো। এসব চাল জব্দ করা হয়েছে এবং চাল আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউপি সদস্য রিনা বেগমকে কাহারোল থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

কাহারোল থানার অফিসার্স ইনচার্জ মো. আইয়ুব আলী জানান, নারী ইউপি সদস্য রিনা বেগম থানায় আটক আছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এজাহার দায়ের করলেই এটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।