আশুলিয়ায় ঝুঁকিপূর্ণভাবে ভবন নির্মাণ, বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত শ্রমিক

নির্মাণাধীন ভবনের কাছেই ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের মেইন লাইনআশুলিয়ার বাইপাইল এলাকায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন ঘেঁষে নির্মাণ করা হচ্ছে স্থানীয় চেয়ারম্যানের বহুতল ভবন। গত রবিবার (২৮ জুলাই) ওই লাইনের নিচে কাজ করার সময় এক নির্মাণশ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কোনও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্মাণকাজ করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানা গেছে, আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় আবদুল্লাপুর-বাইপাইল মহাসড়কের পাশ দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের মেইন লাইন ঘেঁষে ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বহুতল ভবন নির্মাণ করছেন। নির্মাণকাজ করার সময় নাসির নামে ওই শ্রমিকের হাতে থাকা লোহার রড বিদ্যুতের লাইনের সঙ্গে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। তিনি এখন এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। হাসপাতালটির ওটি ইনচার্জ নাসির উদ্দিন জানান, ওই নির্মাণ শ্রমিকের অবস্থার কোনও উন্নতি হয়নি। যেকোনও সময় অবস্থার অবনতি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

কয়েকদিন আগেও ওই ভবনের কাজ করার সময় লোহার রড বিদ্যুতের লাইনের সঙ্গে জড়িয়ে পড়ে। সে সময় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান নির্মাণশ্রমিকরা । ঝুঁকি নিয়ে ভবন নির্মাণের কাজ বন্ধ না রাখা হলে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

হাসেম আলী ও শফিকসহ একাধিক স্থানীয় ব্যক্তি বলেন, ‘বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় চেয়ারম্যানের নির্মাণাধীন বহুতল ভবনের পাশেই বাসস্ট্যান্ড। এছাড়াও ওই ভবন ঘেঁষে বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের মেইন লাইন রয়েছে। নির্মাণাধীন ভবনের চারপাশে কোনও নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়নি। উন্মুক্তভাবে নির্মাণকাজ করা হচ্ছে। কাজ করার সময় লোহার রড প্রায়ই তারের সঙ্গে জড়িয়ে পড়ছে।’ তারা অভিযোগ করে আরও বলেন, ‘এভাবে ঝুকিপূর্ণভাবে ভবন নির্মাণের কারণে যেকোনও সময় লোহার সঙ্গে বিদ্যুতের তার জড়িয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে নির্মাণশ্রমিকের পাশাপাশি মহাসড়ক দিয়ে চলমান যানবাহন ও পথচারীরাও বড়ো ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে।’

এ প্রসঙ্গে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জোনাল ম্যানেজার মো. আজাহার আলী বলেন, ‘এ ধরনের ভবন নির্মাণের সময় সাধারণত চারপাশে নেট দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে নেওয়া হয়। সেক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি কমে যায়। তবে বাইপাইলে ইউপি চেয়ারম্যানের ভবন নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ৩৩ হাজার ভোল্টের লাইনের তারে জড়িয়ে যেকোনও ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। নির্মাণশ্রমিককে জীবনের ঝুঁকির মধ্যে কাজ করানো উচিত নয়।’  এ বিষয়ে ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হবে বলে জানান তিনি।

ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ভবন নির্মাণের সময় এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হওয়ার বিষয়টি স্বীকার করেন।  ভবন নির্মাণে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।