যশোরে আনসার আল ইসলাম সদস্য আটক

আটক মো. শিমুল হোসেনর‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা মো. শিমুল হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছেন। শিমুল নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সোয়া ৫টার দিকে যশোর শহরের মণিহার চত্বর থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

আটক শিমুল যশোরের মণিরামপুর উপজেলার বাঙালিপুর এলাকার হায়দার খানের ছেলে।

র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো.শাহিনুর ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান,তাদের কাছে খবর ছিল, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্য মণিহার বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছে। তারা সেখানে অভিযান চালিয়ে শিমুলকে আটক করেন। ওই সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট, সিম ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিমুল আনসার আল ইসলামের সদস্য বলে জানিয়েছে। তাকে মণিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে।