সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ১

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার বিআইডব্লিউ টিসি ২ নম্বর টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৫৪৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ওই এলাকার শাহ বদর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান এই তথ্য জানিয়েছেন। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩৭ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।

আটক ব্যক্তি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার হেতাল বুনিয়া গ্রামের মৃত হাফেজ আব্দুল হকের ছেলে মো ফয়সাল (৪৩)।

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, নগরীর সদরঘাট থানার শাহ বদর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ফয়সালকে আটক করে। পরে তার ডান হাতে থাকা একটি কালো রঙয়ের হাতাযুক্ত ব্যাগে তল্লাশি করে ৭ হাজার ৫৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ব্যাগে হলুদ ও সাদা রঙয়ের টেপ দিয়ে ইয়াবাগুলো মোড়ানো ছিল।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল জানিয়েছে সে দীর্ঘদিন ধরে মাদকসেবীদের কাছে মাদক বিক্রয় করে আসছে। এই ঘটনায় খালেক ও আল হাসিব নামে আরও দুই আসামি জড়িত রয়েছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালিয়ে যায়।