গাছের ডাল ভেঙে চাপা পড়ে যুবকের মৃত্যু





চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গার জীবননগরে উথলী আমতলা মোড় এলাকায় রাস্তার ধারের একটি গাছের ডাল ভেঙে চাপা পড়ে মাসুদ (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনী মিয়া এ তথ্য জানান।
নিহত মাসুদ মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাসুদ ঝিনাইদহ জেলার খালিশপুর বাজার থেকে কচু বিক্রি করে আলমসাধু যোগে বাড়ি ফিরছিলেন। তিনি জীবননগর উপজেলার উথলী আমতলা মোড়ে পৌঁছালে মহাসড়কের পাশের একটি গাছের ডাল ভেঙে পড়ে তার ওপর। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি গনী মিয়া জানান, খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।