শিশু হত্যার অভিযোগে মা গ্রেফতার

পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তারা মিয়া নামের এক দেড় বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় ওই শিশুর বাবার দায়ের করা মামলায় মা মৌসুমী বেগমকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ।

রবিবার (৪ আগস্ট) কালকিনি থানার ওসি মোফাজ্জেল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যচর গ্রামের সিরাজ মোল্লার ছেলে মনির মোল্লার সঙ্গে পৌর এলাকার চরঠেঙ্গামাড়া গ্রামের গিয়াসউদ্দিন হাওলাদারের মেয়ে মৌসুমীর বিয়ে হয়। দেড় বছর আগে তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম লাভ করে। কিন্তু বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে স্ত্রী মৌসুমী তার বাবার বাড়ি চলে যান। পরে স্বামী মনির মোল্লা শনিবার বিকালে তার স্ত্রী ও সন্তানকে বাড়িতে নেওয়ার জন্য শ্বশুর বাড়ি যান। এসময় দুজনের মধ্যে নতুন করে ঝগড়া লাগে। এরপর মনির মোল্লা নিজ বাড়ি চলে যায়। রাতে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে।

মামলার বাদী মনির মোল্লা বলেন, ‘মৌসুমী আমার সঙ্গে ঝগড়া করে শিশু সন্তানকে হত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম মোল্লা বলেন, ‘শিশুটির লাশ উদ্ধারের পর মা দাবি করেন, শিশুটির বাবা মনির মোল্লা তাকে লাঠি দিয়ে পিটিয়ে এবং আছাড় মেরে হত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধারের পর তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পায়নি। এরপর মা মৌসুমী বেগম দাবী করেন, শিশুসন্তানকে একটি কেক খাওয়ানোর পর সে মারা যায়।’

ময়নাতদন্তের পরই শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলেও জানা তিনি।