এছাড়া চাঁপাইনবাবগঞ্জ পুলিশের উদ্যোগে জেলা পুলিশের সব ইউনিটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান এবং মশা নিধনে ওষুধ ছিটিয়ে দেওয়া হয়েছে। এ কর্মসূচিতে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জেলার সব সরকারি দফতর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে সবার মনে। কেউ সাধারণ জ্বরে আক্রান্ত হলেও রক্ত পরীক্ষার জন্য ছুটে যাচ্ছেন হাসপাতালে। কিন্তু একসঙ্গে এতো মানুষের রক্ত পরীক্ষার কিটস ও অন্যান্য উপাদান পর্যাপ্ত না থাকায় জেলার সরকারি হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসা দিতে কিছুটা হলেও হিমসিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, ‘রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ডেঙ্গু জ্বরের জীবাণু নিয়ে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগী। আক্রান্তদের বিশেষ ব্যবস্থায় সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খোলা হয়েছে ডেঙ্গু কর্নার।
হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. তৌফিকুল ইসলাম জানান, ‘চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে এখন পর্যন্ত যে সকল ডেঙ্গু রোগী ভর্তি আছেন তারা সকলেই শঙ্কামুক্ত।’
হাসপাতালে ভর্তি ৩৮ জনের মধ্যে এখন পর্যন্ত জেলায় দু’জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।