মানিকগঞ্জে মারধরের শিকার শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জ

মানিকগঞ্জে শিবালয়ের কাপুরিয়া গ্রাম থেকে মো. শামীম নামের একজন নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ আগস্ট) সকালে তার লাশ পাওয়ার একদিন আগে শুক্রবার মারধরের শিকার হয়েছিলেন তিনি। নিহত শামীম গাইবান্ধা জেলার সদর উপজেলার সরকারবাড়ি গ্রামের আনিসুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব কাপারিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে আমীরুদ্দীনের তিনতলা ভবনের নির্মাণ শ্রমিক হিসাবে শামীম কাজ করতেন। শুক্রবার  নির্মাণ কাজ নিয়ে আমীরুদ্দিনের বোনের জামাই আব্দুল মতিনের সঙ্গে শামীমের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কাঠের লাঠি দিয়ে মারধর করা হয় তাকে। রাতেই শামীম জ্বর আসে। রবিবার সকাল সাতটার দিকে তিনি মারা যান। এই ঘটনার পর থেকে বাড়ির মালিকের বোনের জামাই মতিন পলাতক রয়েছে।

আরেক নির্মাণ শ্রমিক আল-আমিন জানান, শুক্রবার শামীমের শরীরে জ্বর অনুভব হলে কাজ না করে বিশ্রামে থাকায় মালিকের বোনের জামাই তাকে কাঠের লাঠি দিয়ে মারধর করে। এরপর আরও অসুস্থ হয়ে পরে শামীম। রবিবার বেশি অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করার সময় শামীম মারা যায়।

শিবালয় ৯ নং ইউপি সদস্য মো. মজিবুর রহমান জানান, ওই মালিকের বোনের জামাই ছেলেটাকে পিটিয়েছিল। এরপর জ্বর হয়ে রবিবার সকালে মারা যায় শামীম।

শিবালয় থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, এই ঘটনায় শিবালয় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং লাশের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে।