ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ায় নীলফামারীর সৈয়দপুরের পপুলার ল্যাবকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার (৩ আগস্ট) রাতে শহরের শহীদ তুলশীরাম সড়কস্থ পপুলার ল্যাবে ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করেন।
স্থানীয়রা জানান, উপজেলার বাঙালিপুর ইউনিয়নের চৌমুহনী এলাকার বাড়াইশাল পাড়ার আবুল কালামের ছেলে মেহেদী হাসান (১৮) গত ৩০ জুলাই ঢাকার মিরপুরে একটি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে গিয়ে জ্বরে আক্রান্ত হন। এলাকায় ফিরে শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় শহরের চিকিৎসক ডা. শেখ নজরুল ইসলামের শরণাপন্ন হলে, চিকিৎসক তাকে ডেঙ্গু রোগ শনাক্ত করতে এনএস-১ টেস্ট করতে পপুলার ল্যাবে পাঠান। ল্যাব কর্তৃপক্ষ সরকার কর্তৃক নির্ধারিত ওই টেস্টের মূল্য ৫শ’ টাকার স্থলে ১২ শ’ টাকা গ্রহণ করে।
ঘটনাটি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়াকে অবহিত করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই ল্যাবে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। এ সময় ল্যাবের বোর্ডে ওই টেস্টের মূল্য ১২শ’ টাকা উল্লেখ রয়েছে বলে তিনি নিশ্চিত হন।
পরে, ভুক্তভোগী ওই রোগীকে ল্যাবের মালিক ডা. দেলোয়ার অতিরিক্ত টাকা ফেরত দেন। কিন্তু এমন অপরাধের জন্য ভ্রাম্যমাণ আদালতের বিচারক ল্যাব কর্তৃপক্ষকে ১১ হাজার টাকা জরিমানা করেন।
উল্লেখ্য, টেস্টে মেহেদী হাসান নামে ওই রোগী ডেঙ্গু আক্রান্ত বলে নিশ্চিত করেছেন চিকিৎসক ডা. শেখ নজরুল ইসলাম।