এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের ১০ জেলায় আরও ১৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হলেন ৮৩১ জন।
খুলনার সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক জানান, বাগেরহাটের শরণখোলা এলাকার বাসিন্দা খাদিজা বেগম পাঁচ দিন আগে জ্বর নিয়ে সিটি মেডিক্যাল হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টার দিকে তিনি মারা যান। এরপরই তার স্বজনরা খাদিজার মরদেহ নিয়ে শরণখোলায় চলে যান।
খুলনা স্বাস্থ্য অধিদফতর (রোগ নিয়ন্ত্রণ) সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার জানান, ‘রবিবার বেলা ১টা থেকে সোমবার বেলা ১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন ১৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক জন। আক্রান্তদের মধ্যে খুলনায় ৩১ জন (এক জন মৃত), যশোরে ৩১ জন, কুষ্টিয়ায় ১৯ জন, সাতক্ষীরায় ১৫, মাগুরায় ১৪ জন, ঝিনাইদহে সাত জন, নড়াইলে ছয় জন, মেহেরপুরে ছয় জন, চুয়াডাঙ্গায় চার জন, বাগেরহাটে এক জন রয়েছেন।’
খুলনা স্বাস্থ্য অধিদফতর (রোগ নিয়ন্ত্রণ) সূত্র মতে, ১ জুলাই থেকে ৫ আগস্ট বেলা ১টা পর্যন্ত সময়ের মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ৮৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি হয়েছেন। এর মধ্যে যশোর ২১৬ জন আক্রান্ত নিয়ে শীর্ষে রয়েছে।