সমুদ্রপথে আসা ২৬ কোটি টাকার ভারতীয় কাপড় আটক

সমুদ্রপথে আসা ২৬ কোটি টাকার ভারতীয় কাপড় আটকসমুদ্রপথে অবৈধভাবে আসা ২৬ কোটি টাকার ভারতীয় শাড়ি ও অন্যান্য কাপড়ের একটি চালান আটক করা হয়েছে। শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাইপথে আনা হয়েছে এগুলো। বাগেরহাটের মোংলা বন্দরের হারবারিয়া সংলগ্ন এলাকা থেকে রবিবার এই চোরাচালান আটক করা হয়। নন্দবালা খাল সংলগ্ন এলাকায় এমভি মারিয়া নামের বাল্কহেড থেকে পণ্যগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন হায়াত ইবনে সিদ্দিক জানান, ঈদুল আজহাকে ঘিরে খুলনাসহ আশপাশের এলাকায় বিদেশি কাপড়ের চোরাচালান বেড়ে গেছে। স্থলপথের পাশাপাশি জলপথেও চোরাচালান আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এলাকায় কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। এরই মধ্যে গত ৪ আগস্ট ভোর ৩টায় কোস্টগার্ড অভিযান পরিচালনা করে। অভিযানকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দল দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড পিছু ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা অবৈধ শাড়ি বোঝাইকৃত বাল্কহেডটি ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বাল্কহেড থেকে ২৪ হাজার ৪৯৫ পিস বিদেশি শাড়ি, ৩১  পিস লেহেঙ্গা, ১১৯ পিস ফ্রক এবং ৭৬ পিস প্লাজো জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এগুলো মোংলা থানায় হস্তান্তর করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ২৫ কোটি ৫৫ লাখ ৩৯ হাজার টাকা।