বিআইডাব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় শিমুলিয়া ঘাট দিয়ে মোট চার হাজার ৪৫১টি যানবাহন পার হয়েছে। এর মধ্যে বাস পার হয়েছে ১৯১টি, ট্রাক পার হয়েছে ১১৪টি ও হালকা যান পার হয়েছে ৪১৪৬টি। গতকাল শিমুলিয়া থেকে মোট ৮৩ টি ফেরির ট্রিপ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আবহাওয়া ভালো আছে। ১৭টি ফেরি চলছে। শতশত গাড়ি পার করছি। ঘাট খালি হয়, আবার গাড়ি এসে ঘাট ভরে যায়। যানের মধ্যে মোটরসাইকেল ও প্রাইভেট কার সবচেয়ে বেশি।’
এদিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিক। কোথাও কোথাও মহাসড়ক ফাঁকা। ঢাকা-মাওয়া মহাসড়কের হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাসেত জানান, ‘মহাসড়কে গাড়ির চাপ কম। মহাসড়ক ফাঁকা।’
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, ‘মহাসড়কে গাড়ির চাপ আছে। তবে কোথাও কোনও যানজট নেই। কোথাও কোথাও মহাসড়কে কোনও গাড়ি নেই।’