আখাউড়া স্থলবন্দরে ছয় দিনের ছুটি

আখাউড়া স্থলবন্দরপবিত্র ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ রফতানিমুখী বন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আগামীকাল রবিবার (১১ আগস্ট) থেকে শুক্রবার (১৬ আগস্ট) পর্যন্ত এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছয় দিন পণ্য আমদানি-রফতানি বন্ধের বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। ১৭ আগস্ট শনিবার থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

আখাউড়া স্থলবন্দর কর্মকর্তা রাজীব রায় জানান, স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার চলবে।