নারায়ণগঞ্জে নদীপথে আসা গরুর ট্রলারগুলো নিয়ে টানাটানি রোধ ও চাঁদাবাজি, ছিনতাই বন্ধে নদীতে টহল জোরদার করেছে র্যাব-১১। শনিবার (১০ আগস্ট) সকাল থেকে দুটি স্পিডবোটে করে র্যাব-১১ এর সদস্যরা নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট থেকে শুরু করে মেঘনা নদীর মোক্তারপুর ঘাট পর্যন্ত টহল দিচ্ছেন।
র্যাব-১১ কালিরবাজার ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, নদী পথে আসা গরুর ট্রলারগুলোকে যাতে কোনও হাটের ইজারাদারের সন্ত্রাসী বাহিনী জোর করে টানাটানি করে হাটে নিয়ে যেতে না পারে এবং বেপারিরা ইচ্ছেমতো তাদের পছন্দের হাটে যেতে পারে এজন্য নদী পথে টহল জোরদার করেছে র্যাব। তিনি বলেন, ঈদের পরের দিন পর্যন্ত এই টহল অব্যাহত থাকবে। যাতে গরুর বেপারীরা গরু হাটে বেচাকেনা করে টাকা পয়সা নিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারে।
তিনি আরও বলেন, গরুর হাটে জাল টাকা শনাক্ত এবং অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারীদের উপদ্রব রোধেও র্যাবের একাধিক টিম পোশাকে এবং সাদা পোশাকে জেলার বিভিন্ন গরুর হাটে কাজ করছে।