খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত দেড় হাজার, ৫৪১ জন এখনও চিকিৎসাধীন

ডেঙ্গু রোগী (ফাইল ছবি)

খুলনা বিভাগের ১০ জেলায় শনিবার নতুন করে আরও ১১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত ১ জুলাই থেকে ১০ আগস্ট বিকাল পর্যন্ত  বিভাগের ১ হাজার ৫৪৫ জন মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৫৪১ জন এখনও বিভিন্ন হাসপাতালে  চিকিৎসাধীন। বাকিদের মধ্যে ৯৬৫ জন চিকিৎসাসেবা নিয়ে বাড়ি ফিরে গেছেন। অন্যদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে। খুলনা স্বাস্থ্য অধিদফতর (রোগ নিয়ন্ত্রণ) সূত্রে এসব তথ্য জানা গেছে।

এই বিভাগে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে চারজনের। তবে খুলনা স্বাস্থ্য অধিদফতর (রোগ নিয়ন্ত্রণ) তিন জনের মৃত্যুর কথা স্বীকার করেছে। কারণ, হিসেবে প্রতিষ্ঠানটির বক্তব্য, অপর ব্যক্তিকে রেফার্ড করা হয়েছিল। তাই তার মৃত্যুর ঘটনা বিভাগের কোনও হাসপাতালে ঘটেনি।   

খুলনা স্বাস্থ্য অধিদফতর (রোগ নিয়ন্ত্রণ) সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার বলেন, শুক্রবার বেলা ১১টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত সময়ের মধ্যে খুলনা বিভাগে নতুন ১১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। এর মধ্যে যশোরে ২৭ জন, খুলনায় ২৪ জন, কুষ্টিয়ায় ১৬ জন, ঝিনাইদহে ৭ জন, নড়াইলে ৮ জন, মেহেরপুরে ৭ জন, চুয়াডাঙ্গায় ২ জন, সাতক্ষীরায় ১৩ জন, বাগেরহাটে ৪ জন ও মাগুরায় ৫ জন রয়েছে।

খুলনা স্বাস্থ্য অধিদফতর (রোগ নিয়ন্ত্রণ) সূত্র মতে, ১ জুলাই থেকে ১০ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত খুলনা বিভাগে ১ হাজার ৫৪২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে যশোরে ৩৭৭ জন, খুলনায় ৩৫০ জন (৩ জন মৃত), কুষ্টিয়ায় ২৫৭ জন, ঝিনাইদহে ১১৮ জন, সাতক্ষীরায় ১২২ জন, মাগুরায় ৮০ জন (১ জন মৃত), চুয়াডাঙ্গায় ৫৭ জন,  নড়াইলে ৮০ জন (১ জন মৃত), বাগেরহাটে ৫৭ জন ও মেহেরপুরে ৫৬ জন রয়েছে।

ডেঙ্গুতে খুলনায় ৩ জন, মাগুরায় ১ জন এবং নড়াইলে ১ জন মারা গেছেন। তবে খুলনা স্বাস্থ্য অধিদফতর (রোগ নিয়ন্ত্রণ) সূত্র জানায়, মাগুরায় যিনি মারা গেছেন তিনি জেলার কোনও হাসপাতালে চিকিৎসা না নিয়ে ঢাকায় চিকিৎসা করান। সেখানেই তার মৃত্যু হয়েছে তাই এই ঘটনায় খুলনা বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট নয়।