কৃষক হত্যার ১৭ বছর পর ১০ আসামির যাবজ্জীবন

আদালতরংপুরের পীরগঞ্জে কৃষক আব্দুস সাত্তার হত্যাকাণ্ডের ১৭ বছর পর আজ বুধবার মামলার ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রংপুরের বিশেষ জজ আহসান তারেক বুধবার (২৮ আগস্ট) দুপুরে এ রায় প্রদান করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০২ সালের ১৪ জানুয়ারি পীরগঞ্জের খালাসপীর ইউনিয়নের মদনখালি গ্রামের কৃষক আব্দুস সাত্তারকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে পীরগঞ্জ থানায় ১০ আসামির নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- ফুলু মিয়া , ছকমল হোসেন, এনসান আলী, মন্টু মিয়া, আকমল হোসেন, মনোহর বর্মন, সাইফুল ইসলাম, শাহাজাহান মিয়া , আবেদ আলী ও দুলা মিয়া। পুলিশ তদন্ত শেষে ১০ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে ১৭ বছর পর রায় দেওয়া হলো। ১০ আসামির মধ্যে ছকমল হোসেন, এনসান আলী, সাইফুল ইসলাম ও দুলা মিয়া রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকি ছয় আসামি পলাতক রয়েছেন। রায়ে আদালত বলেন, পলাতক আসামিরা গ্রেফতার হওয়ার পর তাদের রায় কার্যকর হবে।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোটেক জয়নাল আবেদীন। তিনি জানান, এতদিন মামলাটি অন্য আদালতে বিচারাধীন ছিল। কিছুদিন আগে বিচারের জন্য বিশেষ আদালতে আসে। এ রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খাতুনে জান্নাত সুইট জানান, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।