রায়ের সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- সজীব, দেলোয়ার, রুবেল, ইউসুফ, রফিক, জয় ও শামীম। এই মামলায় রাজু ও শফিক নামে দুই আসামিকে আদালত খালাস দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. জাসমিন আহমেদ জানান, ২০১০ সালের ২৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার আটি এলাকার আনোয়ার হোসেনের ছেলে দশম শ্রেণির ছাত্র আরাফাতকে ক্রিকেট খেলার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায় আসামি ইউসুফ। এরপর থেকে আরাফাত নিখোঁজ থাকে। পরদিন দুপুরে ওই এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে পুলিশ আরাফাতের লাশ উদ্ধার করে। তার সারা গা ব্লেড দিয়ে কেটে জখম করা অবস্থায় ছিল।
এ ঘটনায় নিহত আরাফাতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে এই মামলায় আসামি সজীব, দেলোয়ার ও রুবেল হত্যাকাণ্ডের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আরাফাতকে অপহরণ থেকে শুরু করে হত্যাকাণ্ডের বর্ণনাও দেয় তারা। আদালত এই মামলায় ২৫ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দিলেন।