ঠাকুরগাঁও সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মো. রাজু নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। আটক রাজু জেলার পীরগঞ্জ উপজেলার ভাবনাগঞ্জ একতিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলাম ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে ওসি আশিকুর রহমান বলেন, ‘প্রায় সময় রাজু ওই স্কুলছাত্রীর বাড়িতে যাতায়াত করতো। এভাবেই মেয়েটির পরিবারের সঙ্গে তার একটি ভালো সম্পর্ক তৈরি হয়। মঙ্গলবার সকালে ছাত্রী স্কুলে যাওয়ার কিছুক্ষণ পরে রাজু ওই গিয়ে শিক্ষকদের জানান, স্কুলছাত্রীর দাদী খুবই অসুস্থ। একথা বলে স্কুলছাত্রীকে গাড়িতে তুলে দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলায় নিয়ে যায় রাজু। সেখানে দিনভর তাকে ধর্ষণ করার পর ফেলে রেখে পালিয়ে যায় সে। পরে পরিবারের লোকজন খোঁজখবর নিয়ে স্কুলছাত্রীকে না পেলে পুলিশকে জানায়। এরপর পুলিশ সেতাবগঞ্জ থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে এবং বেগুনবাড়ি থেকে অভিযুক্ত রাজুকে আটক করা হয়।’
এই ঘটনায় রাতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আশিকুর রহমান।