সাব্বির হোসেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পবা থানায় কর্মরত ছিলেন। রাতেই তাকে এই থানা থেকে প্রত্যাহার দেখানো হয়েছে। বর্তমানে তাকে আরএমপির পুলিশ লাইনে রাখা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস ঘটনা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সাব্বির হোসেন লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। তিনি প্রায় প্রতিদিনই কাঁচাবাজারে বসে নারীদের বিভিন্নভাবে যৌন হয়রানি করতেন বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি মদ্যপ অবস্থায় এলাকার এক তরুণীকে কটূক্তি করেন। কিন্তু ওই তরুণী চলে না গিয়ে পায়ের জুতা খুলে কনস্টেবল সাব্বিরকে পেটাতে শুরু করেন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন তরুণী যোগ দেন। এগিয়ে আসেন এলাকার লোকজনও। তখন পালিয়ে গিয়ে বাসায় ঢুকে যান সাব্বির। কিন্তু এলাকার লোকজন বাড়িটি ঘিরে রাখেন। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশের একটি দল কনস্টেবল সাব্বিরকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। এরপর পরিস্থিতি শান্ত হয়।
এসব তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘কনস্টেবল সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ উঠায় তাকে থানা থেকে রাতেই প্রত্যাহার করা হয়েছে। এরপর তাকে পুলিশ লাইনে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সাব্বিরের মদ্যপানের বিষয়ে জানতে চাইলে গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘তার এই বিষয়টি শুনেছি। প্রয়োজনে তার ডোপ টেস্ট করা হবে।’