ভ্যানিটি ব্যাগে ৪ হাজার পিস ইয়াবা, আটক ৩

ইয়াবা ট্যাবলেটসহ আটক তিনজনচার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ আগস্ট) সকালে শহরের পালবাড়ি মোড় থেকে তাদের আটক করা হয়। ইয়াবাগুলো সেলিনা নামে এক নারীর ভ্যানিটি ব্যাগে ছিল। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলো– সিলেটের বিশ্বনাথ উপজেলার পূর্ব চান্দিনকাপন এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া সোরফান মিয়ার ছেলে কামাল মিয়া (৩০), তার স্ত্রী সেলিনা বেগম (২৭) এবং যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা মাদ্রাসাপাড়ার সৈয়দ আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৮)।

ওসি মারুফ আহমেদ জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে ওই তিনজনকে আটক করা হয়। পরে সেলিনা বেগমের কাছে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

এই ঘটনায় উপপরিদর্শক (এসআই ) হাসান জাহিদ বাদী হয়ে কোতয়ালি থানায় একটি মামলা করেছেন।