লালমনিরহাটে বাণিজ্যমেলার সার্কাসের হাতির মৃত্যু

মারা যাওয়া সার্কাসের হাতিলালমনিরহাটে বাণিজ্যমেলার সার্কাসের জন্য নিয়ে আসা একটি হাতির মৃত্যু হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) বিকালে জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ আল ইয়াসিন দাখিল মাদরাসা মাঠে হঠাৎ অসুস্থ হয়ে হাতিটি মারা যায়।

এ বিষয়ে বড় কমলাবাড়ী এলাকার আবদুর রাজ্জাক বলেন, ‘লালমনিরহাট কালেক্টরেট মাঠে চলতি মাসের ১৫ সেপ্টেম্বর বাণিজ্যমেলা শুরু হবে। সেখানেই ‘দি লায়ন সার্কাস’ দল এসেছে। এখন পর্যন্ত সার্কাস শুরু না হওয়ায় হাতিটি দিয়ে চাঁদা ওঠানো হচ্ছিল। সোমবারও একই কাজে হাতিটি নিয়ে তার পরিচর্যাকারী সাইফুল ইসলাম আদিতমারী উপজেলার হাজীগঞ্জ বাজারে আসার পর হাতিটি মারা যায়। হাতিটিকে সেখানেই পুঁতে রাখা হয়েছে।’   

সাইফুল ইসলাম বলেন, ‘হঠাৎ হাতিটি মাটিতে লুটিয়ে পড়ে যায়। এর কিছুক্ষণ পরেই এটির মৃত্যু হয়। হাতিটি এতোটা অসুস্থ ছিল আমরা বুঝতে পারিনি। এই  মৃত্যুর খবর সার্কাস ম্যানেজারকে জানানো হয়েছে।’

দি লায়ন সার্কাসের মালিক নিরঞ্জন সরকার বলেন, ‘আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম। হাতিটির দাঁত দুটি সংগ্রহ করা হয়েছে।’

আদিতমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন বলেন, ‘হাতিটির অসুস্থতার কথা আগে জানতে পারলে আমরা চিকিৎসাসেবা দিতে পারতাম। মৃত্যুর পর আমরা খবর পাই।’