একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ব্যক্তিদের কাছে অর্থ দাবি করেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইউএনও বিপুল চন্দ্র দাস।
ইউএনও জানান, ‘আমার অফিসের মোবাইল ফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র উপজেলার রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়, মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয়, রাজিহার মাধ্যমিক বিদ্যালয়, রামানন্দেরআঁক মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করে। ওই প্রতিষ্ঠান প্রধানরা আমাকে জানানোর পর আমি বিষয়টি নিশ্চিত হয়ে রাতেই আগৈলঝাড়া থানায় জিডি করি। একইসঙ্গে প্রতারক চক্রের খপ্পরে যাতে কেউ না পড়েন সেজন্য ‘আগৈলঝাড়া উপজেলা’ নামের ফেসবুক পেজে সচেতনতামূলক পোস্ট দেই।’
আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন জানান, জিডির বিষয়টি তদন্ত হবে। অপরাধীদের চিহ্নিতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।