ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আমাদের দেশের প্রায় অর্ধেকই নারী। এ হিসাবে বিশ্ববিদ্যালয়ে অর্ধেক শিক্ষার্থী তো নারীই হবে। অথচ শাবি ছাত্রলীগে কোনও নারী সদস্য নেই।’
শোভন আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে ছাত্রলীগকেই দায়িত্ব নিতে হবে। কর্মীরা ছাত্রলীগের প্রাণ। এক্ষেত্রে কর্মীদের আরও সুসংগঠিত করতে হবে।’
তিনি বলেন, ‘ছাত্রলীগ ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ সব ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রেখে দেশাত্মবোধের পরিচয় দিয়ে আসছে। আপনারা বিদেশে গিয়ে পড়াশোনা করে আরও উচ্চ শিক্ষিত হবেন। উচ্চ শিক্ষিত হয়ে আবার দেশে ফিরে এসে এই দেশের জন্য আপনারা আপনাদের মেধাকে কাজে লাগাবেন। আসলে সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। বাংলাদেশ ছাত্রলীগ সেই সোনার মানুষ গড়ার কারিগর। প্রত্যেক ছাত্রলীগের কর্মীই মেধাবী শিক্ষার্থী। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করার আহ্বান জানাই।’
শাবিতে শিগগিরই ছাত্রলীগের সম্মেলনের আয়োজন করা হবে বলে আশ্বাস দেন ছাত্রলীগ সভাপতি।
সমাবেশে শাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নেতারা বক্তব্য রাখেন।