এ সময় নাসিম বলেন, ‘অনেক উন্নত দেশ যেখানে শরণার্থীদের আশ্রয় দিতে ভয় পায়, সেখানে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে প্রায় সাড়ে ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে খাদ্য ও চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা দিয়েছেন। কিন্তু সেই রোহিঙ্গারা একটি মহলের কাঁধে ভর করে এখন নানা অপরাধে জড়িয়ে পড়েছে।’
তিনি বন্ধুপ্রতিম চীন, ভারত, রাশিয়া ও আমেরিকার প্রতি রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ শান্তি বিরাজ করায় উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে।’
সড়কপথে বঙ্গবন্ধু সেতু পেরিয়ে মুলিবাড়ি পৌঁছে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম. মনসুর আলীর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করেন তিনি।
পরে নাসিম কাজিপুরের বেড়িপোটলে নির্মিত আমেনা মনসুর ইনস্টিটিউট অব টেক্সটাইল প্রকল্প পরিদর্শন করেন। রাতে গান্ধাইলে যুবলীগের সহ-সভাপতি সদ্যপ্রয়াত উজ্জ্বলের বাসায় যান এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।