নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দিনাজপুরদিনাজপুরের বীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে গিয়ে রাব্বি নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) পানিতে ডুবে যাওয়ার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর বিকাল সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী। বীরগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রাব্বি বীরগঞ্জ পৌরশহরের দক্ষিণ সুজাপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে। সে বীরগঞ্জ শহরের কবি নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে পার্শ্ববর্তী ঢেপা নদীতে নামে রাব্বি। পরে সে পানিতে তলিয়ে হারিয়ে যায়। অনেক খোজাখুজির পর বিকাল সাড়ে ৫টার দিকে এলাকাবাসী তার নিথর দেহ উদ্ধার করে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সা‌কিলা পারভীন জানান, 'বিষয়‌টি আমা‌দের জানা নেই। এখন পর্যন্ত এ ব্যাপা‌রে কেউ আমা‌দের জানায়‌নি, কোনও অ‌ভি‌যোগও দেয়‌নি।'