আলীকদমে নৌকা ডুবে দুই নারী নিখোঁজ

বান্দরবান

বান্দরবানের আলীকদমের মাতামুহুরী নদীতে নৌকা ডুবে দুই নারী নিখোঁজ হ‌য়ে‌ছেন। তারা হ‌লেন, আলীকদ‌মের লিয়াকত সওদাগর পাড়ার মুন্নি  বেগম  ( ৩০) ও আলীকদম সিলেটি পাড়ার সে‌নোয়ারা বেগম (২৮)।

বৃহস্পতিবার (১২ সে‌প্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে মাতামুহুরী নদীর বুঝিরকুম এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালাইয়া ছড়া এলাকায় থেকে কাজ শেষে একটি ছোট ডিঙ্গি নৌকা দিয়ে বাড়ি ফিরছিলেন কয়েকজন পুরুষ ও নারী। নৌকাটি বুঝিরকুম এলাকায় মাঝ নদীতে পৌঁছালে স্রোতের মুখে পড়ে উল্টে যায়। এসময় কয়েজন সাঁতার কেটে পাড়ে আসতে পারলেও দুজন নারী নিখোঁজ হন।

খবর পেয়ে ঘটনাস্থলে গি‌য়ে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে আলীকদম ‌সেনাবা‌হিনী, উপ‌জেলা প্রশাসন, পু‌লিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী র‌কিব উদ্দিন বলেন, ‘নৌকা ডু‌বে দুই নারী নি‌খোঁজ হ‌য়ে‌ছেন। তা‌দের উদ্ধার কর‌তে সেখা‌নে সেনাবা‌হিনী, উপ‌জেলা প্রশাসন, পু‌লিশ ও ফায়ার সার্ভিস অভিযান চালা‌চ্ছে।’