মেহেরুন নেছার দেবর ইসলাম মেম্বর জানান, ৬ সেপ্টেম্বর তার ভাবি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে ১০ সেপ্টেম্বর তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ব্রেন স্ট্রোক হয়। সেখানকার ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। ওইদিনই তাকে খুলনা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। বুধবার রোগীর অবস্থা কিছুটা ভালো থাকলেও বৃহস্পতিবার ডাক্তাররা তার আশা ছেড়ে দেন এবং রোগীকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ওইদিন রাতে বাড়ি নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
রোহিতা ইউনিয়ন পরিষদের সদস্য মানোয়ার হোসেন তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। মেহেরুন নেছাসহ যশোরে এ পর্যন্ত মোট সাত জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন। ২৪ ঘণ্টায়
২৪ ঘণ্টায় ৯০ জন হাসপাতালে ভর্তি
এদিকে গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে ৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত যশোরে মোট ২ হাজার ১২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার আশরাফুন্নাহার অনন্যা বলেন, ‘সেপ্টেম্বরে আমরা ভেবেছিলাম রোগীর চাপ কমবে, কিন্তু ক্রমেই বাড়ছে। নতুন ক্রাইসিস হচ্ছে, রোগীর রক্তে প্লাটিলেটের সংখ্যা খুব ভালো থাকলেও তাদের কারও কারও অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় রোগীকে বেশি করে তরল খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’