নিরাপত্তা চেয়ে জিডি করেছেন বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদত্যাগকারী সহকারী প্রক্টর

nonameনিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করা সহকারী প্রক্টর মোঃ হুমায়ুন কবীর। সোমবার রাতে গোপালগঞ্জ সদর থানায় তিনি এ সাধারণ ডায়েরি করেন। (জিডি নং-১০৮২তাং-২৩.০৯.২০১৯)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম ওই শিক্ষকের জিডি নথিভুক্ত করার কথা নিশ্চিত করেছেন। মোঃ হুমায়ুন কবীর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কমর্রত আছেন। সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গত ২১ সেপ্টেম্বর তিনি সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন।

সাধারণ ডায়েরিতে এই শিক্ষক অভিযোগ করেছেন, পদত্যাগের পর তার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে বিভিন্ন উসকানিমূলক ও মানহানিকর স্ট্যাটাস দিচ্ছে। উপাচার্য (ভিসি) পন্থী অজ্ঞাত ব্যক্তিরা এসব আইডি পরিচালনা করছে বলে দাবি করেন তিনি। এছাড়া গত ২১ সেপ্টেম্বর দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয় গ্যারেজে পেয়ে ভিসিপন্থীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই জিডিতে।

প্রসঙ্গত, গত শনিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে আসার পথে বহিরাগতদের হামলার মুখে পড়ে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। এ ঘটনার নিন্দা জানিয়ে ওই দিনই তিনি সহকারী প্রক্টরের পদ থেকে সরে দাঁড়ান হুমায়ুন কবীরা।