পাবনায় ১৩ জুয়াড়ি আটক

টাকাসহ আটক ১৩ জুয়াড়িপাবনা সদর উপজেলার দাপুনিয়া এলাকায় জুয়া খেলার অভিযোগে ১৩ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলো– কচুয়া গ্রামের মিরাজুল ইসলাম ধনী (৩৫), বিষ্ণু মন্ডল (৩০), ইকবাল প্রাং (৩০), আল মাসুদ (৩৩), বাদশা ঘোষ (৫০), আরিফ প্রাং (৪৫), আবদুর রহমান (৫০), মাধপুর উত্তর পাড়ার খাইরুল ইসলাম (৪৫), নিনহাজ প্রাং (৪৮), জিয়ারুল মন্ডল (৩৫), মিন্টু (৫০), মির্জাপুর এলাকার আফজাল প্রাং (৫৫), করিম বিশ্বাস (৫৫)। 

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সূত্রে খবর পাওয়া যায় দাপুনিয়ার কচুয়া এলাকার মিরাজুল ইসলাম ধনীর মুদি দোকানের সঙ্গে তৈরি ঘরে জুয়া খেলা চলছে। এ সংবাদের ভিত্তিতে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান ও সদর থানার ওসির নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।  এ সময় তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ১১ হাজার ৯শ’ ৪৬ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

ওসি নাছিম আহম্মেদ জানান, এলাকাকে সন্ত্রাস, মাদক ও জুয়ামুক্ত করতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।