রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে বগুড়া-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাইক্রোবাস, অটোরিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পথে পথে ট্রাফিক পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বগুড়া জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম বলেন, ‘বিএনপির জনপ্রিয়তায় ভয় পেয়ে সমাবেশে উপস্থিতি কমাতে গাড়ি বন্ধ করে দিয়েছে সরকার। পথে পথে নেতাকর্মীদের গাড়ি আটকিয়ে নামিয়ে দেওয়া হয়েছে।’
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান জানান, তারা মাইক্রোবাসে রাজশাহী যাচ্ছিলেন। সকালে নাটোর হয়ে যেতে বাধা পেয়ে তারা ফিরে এসে নওগাঁ হয়ে রওনা দেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা গ্রামের মধ্যে দিয়ে অনেক কষ্টে রাজশাহীতে পৌঁছেন। সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুও একই পরিস্থিতির শিকার হন বলে জানান তিনি।
তবে জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ্ আখতারুজ্জামান ডিউক জানান, তারা গাড়ি বন্ধ করে দেননি। বৃষ্টিসহ নানা কারণে যাত্রী কম হওয়ায় শ্রমিকরা গাড়ি বের করেননি। কেউ গাড়ি বের করলেও নাটোর থেকে ফিরে এসেছেন।
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ মণ্ডল জানান, শ্রমিকরা গাড়ি বন্ধ করেননি।