গুলিবিদ্ধরা হলেন, সুলতানপুর গ্রামের ব্যবসায়ী মো. ইব্রাহীম (২৪), মমিন উল্যাহ (৫০) ও কামাল হোসেন (২৩)। বাকি আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। গুলিবিদ্ধসহ আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের রমনির হাট বাজারে রহিমের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার রাতে রমনিরহাট বাজারে রহিমের চায়ের দোকানে চেয়ারম্যানকে লক্ষ্য করে প্রতিপক্ষের লোকজন গুলি ছোড়ে। চেয়ারম্যান অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও এক ব্যবসায়ী ও অন্য দুই জন গুলিবিদ্ধ হন।
আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান অভিযোগ করেন, কবির হোসেন প্রকাশ ওরফে ছালি কবিরের যোগসাজশে সজিব, সাকিব, সাইফুল, রায়হান, জসিম, মান্নান ও শাকিল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং হামলার ঘটনা ঘটায়। তিনি দাবি করেন, মাদক কারবারিদের বিরোধিতা এবং মাদকসেবীদের ধরিয়ে দেওয়ার জের ধরে তার ওপর এ হামলা হয়। তবে এব্যাপারে অপরপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে চেয়ারম্যানের প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তিন জন গুলিবিদ্ধ এবং কয়েকজন আহত হয়েছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।’
গোলাগুলি ও সংঘর্ষের খবর পেয়ে বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।