মোটরসাইকেল থেকে ছিটকে বাসের নিচে পড়ে কলেজছাত্র নিহত

কুমিল্লাকুমিল্লায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে নাজিম উদ্দিন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয় মোটরসাইকেলের আরও দুই আরোহী। বুধবার (২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বালুতুপা এলাকায় কুমিল্লা-ফেনী পুরাতন সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নাজিম উদ্দিন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাঁশপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে। সে কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

কুমিল্লা সদর দক্ষিণ থানার এস আই জাকির হোসেন জানান, নাজিম উদ্দিন দুই বন্ধুসহ কুমিল্লা থেকে পুরাতন ফেনী রোডে সুয়াগাজী যাচ্ছিলো। মোটরসাইকেলটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। এসময় নাজিম মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে মদিনা পরিবহনের একটি বাসের নিচে পড়ে। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। আহত হয় সঙ্গে থাকা দুই বন্ধুও। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।