নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রংপুর পুলিশ হল ও পুলিশ লাইন থেকে নির্বাচনি মালামাল বুঝিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ, আনসারসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা নির্বাচনি সরঞ্জাম বুঝে নিয়ে ট্রাকে করে নিজ নিজ ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে রংপুর সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, সব ভোটকেন্দ্রে যাতে নির্বাচনি মালামাল পৌঁছে যায় সেজন্য প্রতিটি ট্রাকে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পর্যাপ্ত পুলিশ ও আনসার বাহিনীর সদস্য থাকছেন। এছাড়া পুলিশের পেট্রোলিং টিম থাকবে। রাতে প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে অবস্থান করবেন। তাদের নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ২২৪ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৮২৩ জন এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৪০১ জন। নির্বাচনে জাতীয় পার্টি, বিএনপিসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।