নিহত রিশার বাড়ি ওই উপজেলার দেবনগর এলাকায়। সে ভজনপুর ইসলামী নূরানি কিন্ডার গার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম রবিউল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, কিন্ডার গার্টেন ছুটি হলে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল রিশা। বাড়ির সামনে পৌঁছালে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী আর ইসলাম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায় রিশা। এসময় ওই শিশুর বাবা রবিউল ইসলাম গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন।
এদিকে বাসটি দুর্ঘটনার পর কিছুদুর গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এসময় ওই বাসের ছয় যাত্রী আহত হন। আহতরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনার পরেই চালক পালিয়ে যায়। ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রাখে।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ হেল বাকী ঘটনার পরই চালক পালিয়ে গেছে। তবে বাসটি আটক করা হয়েছে। নিহত শিশুকে আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।