সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই: নাসিম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কোনও বিকল্প নেই। এ দেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত হিসেবে দাঁড় করানোই তার মূল লক্ষ্য। সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সহযোগিতা করা আহ্বান জানান তিনি।
রবিবার (৬ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা শহরে তার বাসায় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিয়ে এক মতবিনিময়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উন্মেষ ঘটেছে। সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালনের সুযোগ পেয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সব ধর্মের মানুষ তাদের ধর্ম পালনে সমান সুযোগ পাবে। দেশের উন্নয়নে সকল ধর্মের মানুষ সমান অংশীদার বলেও উল্লেখ করেন সাবেক স্বাস্থমন্ত্রী।