মনপুরায় ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্টকে গলা কেটে হত্যা

ভোলা

ভোলার মনপুরা উপজেলায় ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট) এজেন্ট মো. আলাউদ্দিন মোল্লাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সামনের উঠানে এই হত্যাকাণ্ড ঘটে।

সোমবার (৭ অক্টোবর) মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আলাউদ্দিন উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মো. মজিবুল হক মোল্লার ছেলে। তিনি ফকিরহাট বাজারের ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট ছাড়াও সার-কীটনাশকের ব্যাবসা করতেন।

প্রতিবেশী আমিনুল ইসলাম শামীম জানান, রাতে আলাউদ্দিন হাত দিয়ে গলা চেপে রেখে আমার বাড়িতে দৌড়ে আসেন। প্রথমে আমি ভয় পেয়ে যাই। তার সারা শরীর ছিল রক্তমাখা। একপর্যায়ে আমি চিৎকার শুরু করলে তার স্ত্রীসহ ছেলে-মেয়ে ও স্থানীয়রা ঘর থেকে বের হয়ে আসে। পরে মোটরসাইকেলযোগে তাকে মনপুরা হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান আলী জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যবসায়ীর কর্মচারী দিবাকর চন্দ্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।