কুমিল্লায় এমকে আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

এমকে আনোয়ারকুমিল্লার হোমনায় সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মরহুমের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় এমকে আনোয়ারের বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজার সবার কাছে বাবার জন্য দোয়া কামনা করেন। তিনি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, ‘হোমনার সব শ্রেণি-পেশার মানুষ বাবাকে অকৃত্রিমভাবে ভালোবেসেছেন। তাকে আপনারা হৃদয়ে শ্রদ্ধাভরে ঠাঁই দিয়েছেন।’

জিয়ারতের পর এমকে আনোয়ারের কবরে পরিবার এবং উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. মাহফুজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকোট মো. আজিজুর রহমান মোল্লা, সহ-সভাপতি মো. ফজলুল হক মোল্লা, কুমিল্লা উত্তরের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার, পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ সরকার, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ সাব মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।