সদরঘাটে ভেসে এলো যুবকের লাশ

সদরঘাট লঞ্চ টার্মিনাল (ছবি: ফোকাস বাংলা)ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর সদরঘাট টার্মিনাল এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে সদরঘাট টার্মিনালের ৪নং পন্টুনের কাছে ভাসমান অবস্থায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই বাছির উদ্দিন জানান, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশটি উদ্ধার করা হয়। লাশের পরনে কোনও পোশাক ছিল না। লাশটি কয়েক দিনের পুরনো হওয়ায় তার শরীরে আঘাতের কোনও চিহ্ন আছে কিনা তা সঠিকভাবে বোঝা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।’