সড়কে প্রাণ গেলো ৩ জনের





সড়ক দুর্ঘটনারাজধানীসহ তিন জেলায় আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী, ফরিদপুর সদর ও যশোরের শার্শায় এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত তুলে ধরা হলো:

যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক নিহত
রাজধানীর যাত্রাবাড়ী থানার দয়াগঞ্জ মোড় এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় শহিদুল মিয়া (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম এ তথ্য জানান।
এসআই বলেন, ‘দুর্ঘটনার পর শহিদুল মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
নিহত শহিদুল মিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর আমতলী এলাকায়। তার বাবার নাম তাবেজ আলি সরদার। তিনি রাজধানীর কদমতলীর পাটেরবাগ এলাকায় রিকশা গ্যারেজে থাকতেন।
ফরিদপুরে গাড়িচাপায় পল্লি বিদ্যুতের কর্মচারী নিহত
ফরিদপুরের সদর উপজেলার মল্লিকপুরে মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় হাফিজুর রহমান (৫০) নামে কানাইপুর পল্লি বিদ্যুৎ অফিসের এক কর্মচারী নিহত হয়েছেন। বোয়ালমারী থেকে মোটরসাইকেলে কানাইপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্ত্রী পারভিন আক্তার এসব তথ্য জানান।
নিহত হাফিজুর মাদারীপুর জেলার ঘটকেরচর এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে। তার এক ছেলে এক মেয়ে। তিনি কানাইপুর পল্লি বিদ্যুৎ অফিসে পাওয়ার ইউচ কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন।
কানাইপুর হাইওয়ে থানার ইনচার্জ সাইফুর আহমেদ জানান, স্থানীয়রা খবর দিলে মল্লিকপুর এলাকা থেকে হাফিজুর রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
যশোরে ইজিবাইক থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ইজিবাইক থেকে পড়ে লিপি আক্তার (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে বাগআঁচড়ার কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাগআঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল এ তথ্য জানান।

সে ঝিকরগাছা উপজেলার কুমারী গ্রামের কওছার আলীর মেয়ে ও বাগআঁচড়া সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্রী।

পরিবারের সদস্যরা জানান,মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সে হঠাৎ মাথাঘুরে ইজিবাইক থেকে পড়ে যায়। স্থানীরা উদ্ধার করে একটি ক্লিনিকে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।