বিস্ফোরক ও নাশকতা মামলায় শুক্রবার বিকালে আব্দুল কুদ্দুছ খান মজলিশকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আবুল কালাম।
সাটুরিয়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বরাইদের ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ ওই বিদ্যালয়ের মাঠ থেকে তাজা দুটি ককটেল উদ্ধার করে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা জানান, ‘কিছুদিন ধরে বিএনপি-জামায়াত নেতারা গোপন বৈঠক করে আসছিল। তারা সাটুরিয়া উপজেলা গুরুত্বপূর্ণ স্থানে হামলার যড়যন্ত্র করছিল। বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের মাঠে বসে ককটেল তৈরি করে বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করে। গোপন সংবাদের ভিক্তিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাটুরিয়া বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন ও স্থানীয় বিএনপি কর্মী মিজানুর রহমান খান মজলিশকে গ্রেফতার করে। তবে বাকি আসামিরা পালিয়ে যায়।’
বিস্ফোরক মামলায় আরও আসামি করা হয়েছেন সাটুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাটুরিয়া সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার সরকার, সাবেক বালিয়াটী ইউপি চেয়ারম্যান ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা যুবদল ও ছাত্রদলসহ নামে ৩৩ জনকে আসামি করা হয়েছে। আর বেনামে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মীকে আসামি করা হয়।