১৯ হাজার ইয়াবাসহ সৌদিয়ার বাসচালক আটক

আটক বাসচালক

কক্সাবাজার থেকে যাত্রীবাহী বাসে করে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসার সময় সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৯ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন জানান, সৌদিয়া পরিবহনের বাসটিও জব্দ করা হয়েছে।

আটক বাসচালকের নাম মোহাম্মদ ইউনুস (৫২)। তিনি কক্সবাজারের চকরিয়া থানার হারবাং গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

এএসপি মাহমুদুল হাসান মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রীবাহী বাসে করে ইয়াবা পাচার করছে—এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল শাহ আমানত সেতু এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বাসে তল্লাশি শুরু করে। এসময় সৌদিয়া পরিবহনের একটি বাসকে (চট্ট মেট্রো-ব-১১-০৭২৭) থামার সংকেত দিলে ড্রাইভার র‌্যাবের চেকপোস্টের সামনে বাস দাঁড় করিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসে তল্লাশি করে ১৯ হাজার ১১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।’