খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আন্তঃহল ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা তদন্তে শনিবার সন্ধ্যায় ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কুয়েটের প্রশাসনিক সিদ্ধান্তে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. নূরুন্নবী মোল্লাকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে কুয়েট উপাচার্য বরাবর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, প্রশাসনিক সিদ্ধান্তে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. নূরুন্নবী মোল্লাকে সভাপতি করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, ফুটবল মাঠের উত্তেজনা যাতে ছড়িয়ে না পড়ে এ জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ১ নভেম্বর কুয়েট আন্তঃহল ফুটবল প্রতিযোগিতায় অমর একুশে হল ও ড. এম এ রশীদ হলের মধ্যে খেলা ছিল। খেলাটি গোলশূন্য ড্র হয়। এর ফলে অমর একুশে হল পরবর্তী রাউন্ডে উঠতে পারেনি। এ কারণে অমর একুশে হলের খেলোয়াড়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন ও রেফারিকে খেলা শেষে লাঞ্ছিত করেন।