দিনাজপুরের হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল উপলক্ষে বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত হিলি স্থলবন্দরের ট্রাকমালিক গ্রুপের দ্বিতীয়তলায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইমদাদুল হক চৌধুরী ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
সভায় তৃণমূলের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানানো হয়। সেই সঙ্গে জামায়াত ও বিএনপি থেকে আসা হাইব্রিড কোনও নেতা যেন নেতৃত্বে না আসতে পারে সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত ব্যক্তিকে নেতা নির্বাচনের কথাও বলা হয়েছে।