দ্রুতই বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ শুরু হবে: রেলমন্ত্রী

১২১

যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশেই সরকার বঙ্গবন্ধু রেল সেতু করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল হক সুজন। তিনি বলেছেন, ‘১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর পূর্ব পাড়ের নির্মাণ কাজ উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। যেদিন থেকে নির্মাণ কাজ শুরু হবে, তার চার বছরের মধ্যে এই সেতু কমপ্লিট হবে।’

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে টাঙ্গাইলের যমুনা নদীর পাড়ে প্রস্তাবিত বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণের স্থান পরিদর্শনকালে এসব কথা বলেছেন মন্ত্রী।

এসময় রেলমন্ত্রী আরও বলেন, ‘রেলওয়ে সেতু নির্মাণ কাজ দুভাগে হবে। একটি ভাগ হবে নদীর পূর্ব অংশে, অপর ভাগ হবে পশ্চিম অংশে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। জাপানের তিনটি কোম্পানি টেন্ডারে অংশ নিয়েছে। যে কোম্পানি প্রথম হবে তারাই এ সেতুর নির্মাণ কাজ করবে।’

টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ রেলওয়ে বিভাগের ঊর্দ্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এরআগে মন্ত্রী বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের রেলওয়ে স্টেশনে পৌঁছালে টাঙ্গাইলের ভুঞাপুর ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।