ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের হামলায় বিএনপি’র সভা পণ্ড: ৫ নেতাকর্মী আহত






ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সভায় সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের হামলার অভিযোগ

স্বেচ্ছাসেবক দলের হামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা পণ্ড হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় দলের অন্তত পাঁচ নেতা-কর্মী আহত হন। ভাঙচুর করা হয় অনুষ্ঠানস্থলের চেয়ারসহ আসবাবপত্র।

আহতদের মধ্যে মো. রহমত আলী নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়াও আহত জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোল্লা মো. সালাউদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন হামলার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, চেয়ারে বসাকে কেন্দ্র করে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এইচ এম বাশারের সঙ্গে দলীয় নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। পরে স্বেচ্ছাসেবক দলের সভাপতির নেতৃত্বে স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের কিছু নেতা-কর্মী সভাস্থলে হামলা চালায়। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সভায় স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের হামলার অভিযোগ
এদিকে হামলার ঘটনার কথা স্বীকার করে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম বাশার জানান, সভায় মাইকে স্বেচ্ছাসেবক দলের কারও নাম ঘোষণা করা হচ্ছে না বলে উত্তেজনা দেখা দেয়। পরে এ নিয়ে প্রতিবাদ করলে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ওপর হামলা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ যাওয়ার আগে বিএনপি'র নেতাকর্মীরা গা ঢাকা দেয়।