মঙ্গলবার ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ পরীক্ষা চলাকালে সরেজমিনে গফরগাঁও উপজেলার মূখী পল্লী সেবক উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, বাইরে থেকে জানালা দিয়ে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নকল। এতে নারী অভিভাবকদের বেশি তৎপর থাকতে দেখা যায়।
নকল সরবরাহে দায়িত্বরত পরিদর্শকদের সহায়তা করতে দেখা গেলেও তাদের দাবি, ‘স্থানীয় প্রভাবশালী পরিবার’ কেন্দ্রে এসে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছেন।
উপস্থিত কয়েকজন অবিভাবক জানান, এ পরিস্থিতির জন্য উপজেলা প্রশাসন দায়ী। এসব কেন্দ্রে বাইরে আইনশৃঙ্খলা বাহিনী নেই বললেই চলে। কেন্দ্রে দায়িত্বরত পরির্দশকরা পরিচিত শিক্ষার্থীদের খাতা মূল্যায়নে সহায়তা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মূখী পল্লী সেবক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত কেন্দ্র সচিব ফজলুর রহমান পরীক্ষায় নকলের সংবাদ ‘না লিখতে’ অনুরোধ জানিয়ে এ বিষয়ে দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন। তবে কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম কোনও মন্তব্য করতে রাজি হননি।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ১৫ ইউনিয়নের প্রত্যেকটি পিএসসি পরীক্ষা কেন্দ্রে অবাধে চলছে নকল। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, অভিভাবকরাই তাদের সন্তানদের বিপথগামী করছেন। তবে কোথাও নকল হয়নি দাবি করে বলেন, আগামী পরীক্ষায় কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হবে।
/আরএ/এসএস/