অর্থমন্ত্রী বলেন, আগে এ দেশে ৮০ ভাগ মানুষ দরিদ্র ছিল। বর্তমানে দেশে দারিদ্র্যের হার ২২ ভাগে নেমে এসেছে। সরকারের চলতি মেয়াদে তা ১৮ ভাগে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি বলেন, দারিদ্র্য কঠোর জন্তু। এটাকে বিদায়ে সব ধরনের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে সরকার। দেশ ও জনগণের কল্যাণ ছাড়া আর কোনও লক্ষ্য নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারণেই দেশের দারিদ্র্যবিমোচনের পাশাপাশি সার্বিক উন্নয়ন সম্ভব হয়েছে।
এর আগে অর্থমন্ত্রী সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের টিকরপাড়া মাঠে অর্থমন্ত্রণালয়ের অধীন স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) পরিচালিত নতুন জীবন লাইভলিহুড ই্ম্প্রুভমেন্ট প্রজেক্ট (এসজেএলআইপি)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসডিএফ-এর চেয়ারম্যান সাবেক সচিব এমআই চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংক বাংলাদেশের অপারেশন এডভাইজার ক্রিস্টিন-ই কেইমস, ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান সাবেক সচিব অর্থনীতিবিদ ড. একেএ মুবিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্টিন ড্রামা, ট্রাস্ট টিম লিডার সিনিথামবাই মনোহরন, এসডিএফ-এর পরিচালক সৈয়দ এফতার হোসেন পিয়ার।
এছাড়া, অর্থমন্ত্রী সিলেট সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডে জালালাবাদ পশ্চিম পীরমহল্লা থেকে নূরানী বনকলাপাড়া রাস্তা প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে অর্থমন্ত্রী নগরীর সাপ্লাই থেকে আম্বরখানা সড়কের আরসিসি ড্রেন কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করেন।
/এসএম/