শাবিপ্রবিতে সিলেট অঞ্চলের স্নাতক গণিত অলিম্পিয়াড শনিবার

shahjalal bannerশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ গণিত সমিতি-এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ৭ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৫ (সিলেট অঞ্চল)’  শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। শাবিপ্রবির গণিত বিভাগের আয়োজনে ও গণিত সমিতির সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। অলিম্পিয়াড আয়োজক কমিটির সদস্য সচিব ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক রেজোয়ান আহমেদ এ তথ্য জানিয়েছেন।

অলিম্পিয়াডের শীর্ষ দশ প্রতিযোগী (কমপক্ষে একজন নারী) আগামী ১১ ডিসেম্বর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে অবস্থিত ফলিত গণিত বিভাগে অনুষ্ঠেয় অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।

সহযোগী অধ্যাপক রেজোয়ান আহমেদ জানান, এবারের অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হয়েছে। প্রাথমিক রেজিস্ট্রেশনকৃতদের মধ্য থেকে চূড়ান্ত প্রতিযোগী মনোনয়ন ও নিশ্চিতকরণ কার্যক্রমও শেষ হয়েছে ইতোমধ্যে।

রেজোয়ান আহমদ জানান, শাবিপ্রবিসহ সিলেট অঞ্চলের মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের (বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধিভূক্ত ডিগ্রি কলেজ) গণিত, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিভাগের স্নাতক পর্যায়ের প্রায় দেড়শত প্রতিযোগী অংশগ্রহণ করবেন। তিনি আরও জানান, প্রতিযোগিতার দিন সকাল নয়টায় শাবির হ্যান্ডবল গ্রাউন্ডে চূড়ান্তভাবে মনোনীত প্রতিযোগীদের প্রত্যেককে তাদের নিজস্ব প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র ও একশত টাকা রেজিস্ট্রেশন ফিসহ রিপোর্ট করতে হবে এবং ফোল্ডার সংগ্রহ করতে হবে।

সকাল সাড়ে নয়টায় একই স্থানে অলিম্পিয়াডের উদ্বোধন করবেন আয়োজনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়া। সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত গণিত বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মধ্যাহ্নভোজনের পর দুপুর দুইটায় মিনি অডিটোরিয়ামে প্রশ্নোত্তর পর্ব ও বিকাল তিনটায় পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হবে।

এছাড়াও পুরস্কার বিতরণী পর্বে অলিম্পিয়াডের শীর্ষ দশ প্রতিযোগীকে পুরস্কৃত করার পাশাপাশি এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে গণিত বিভাগের স্নাতক (সম্মান) পর্যায়ের একজন এবং স্নাতকোত্তর পর্যায়ের দুইজনসহ মোট তিনজন কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হবে।      

চূড়ান্ত প্রতিযোগীদের তালিকা ও বিস্তারিত তথ্য www.sustmathsociety.org  এই ওয়েবসাইটে পাওয়া যাবে।বিশেষ প্রয়োজনে মুঠোফোনে যোগাযোগ করা যাবে আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম (০১৯১৯০৬৪৫৫৫) এবং সদস্য সচিব সহযোগী অধ্যাপক জনাব রেজোয়ান আহমেদ (০১৭৪০৫৯৭৯৩৮) এর সঙ্গে। অলিম্পিয়াডের মিডিয়া পার্টনার ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন।

/এএ/